কক্সবাজারের সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের মৃত্যু

সাংবাদিকতার পাশাপাশি পরিবেশ, ব্লু ইকোনমি ও মৎস্যসম্পদ নিয়ে গবেষণা করেছেন আহমদ গিয়াস। এসব বিষয়ে তার একাধিক সংবাদ ও গবেষণাপত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সাংবাদিকতা জীবনে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পরিচিত ছিলেন তিনি। এ কারণে বিভিন্ন সময়ে হামলা ও মামলার শিকারও হয়েছেন

কক্সবাজারের সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস মারা গেছেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে শহরতলির দরিয়ানগরে নিজ বাসায় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

আহমদ গিয়াস ৩০ বছরের বেশি সময় সাংবাদিকতা করেছেন। দৈনিক ইত্তেফাক, যায়যায়দিন ও দৈনিক কক্সবাজারসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ২০ বছর চট্টগ্রামের দৈনিক আজাদীতে কর্মরত ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি পরিবেশ, ব্লু ইকোনমি ও মৎস্যসম্পদ নিয়ে গবেষণা করেছেন আহমদ গিয়াস। এসব বিষয়ে তার একাধিক সংবাদ ও গবেষণাপত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সাংবাদিকতা জীবনে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পরিচিত ছিলেন তিনি। এ কারণে বিভিন্ন সময়ে হামলা ও মামলার শিকারও হয়েছেন।

কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী বলেন, সত্যনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে আহমদ গিয়াস নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নূরুল ইসলাম হেলালী বলেন, জনগণ, সমাজ ও রাষ্ট্রের প্রতি তার অসাধারণ দায়বদ্ধতা ছিল।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান তাকে এ যুগের সাংবাদিকতার শিক্ষক হিসেবে অভিহিত করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও