ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৬ কি‌লো‌মিটার যানজট

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এমন সময় অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর উপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৬ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গতকাল বিকাল থেকে যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে সেতুর পশ্চিমপাড় থেকে ঝাঐল ওভারব্রিজ পার হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। রাত ৯টার দিকে যমুনা সেতুর উপরে ৭ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে একজন নিহত হন। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বাস রেকার দিয়ে সরিয়ে নিলেও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট ছড়িয়ে পড়ে যমুনা সেতুর পূর্বপাড় টাঙ্গাইল পর্যন্ত।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, আজ প্রায় গার্মেন্টসই খোলা। এ কারণে গতকাল থেকেই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যমুনা সেতুর উপর প্রায় ১৫ থেকে ১৬টি গাড়ি বিকল ও সড়ক দুর্ঘটনা ঘটেছে। এছাড়া সেতুর উপরে আটকা থাকায় লোকজন গাড়ি থেকে নেমে যাচ্ছে। এ কারণে সেতুর দুই পাশেই যানজট কিংবা ধীরগতি রয়েছে।

আরও