বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে গেট দিয়ে রেলক্রসিং পার হতে গিয়ে নাছিম আহমেদ জয় (২৬) নিহত হয়েছেন। নিহত নাছিম মেরিন প্রকৌশলী ও আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ছুটিতে গ্রামে নিজবাড়িতে এসেছিলেন।
রোববার (২৭ জুলাই) বেলা দেড়টায় বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনের প্রধান গেটে লালমনি এক্সপ্রেস ট্রেন প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে থানা পুলিশ তার খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। সেই মুহুর্তে মোটরসাইকেল আরোহী নাছিম আহমেদ জয় তার মোটরসাইকেল চালিয়ে গেট বন্ধ থাকার পরও পাশের একটু ফাঁকা দিয়ে গেটের ভেতর প্রবেশ করে রেলক্রসিং পার হতে যায়। রেললাইন পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কায় প্রায় দেড়শত গজ দূরে ছিটকে পড়ে সে খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।