নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকাল থেকে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার সহস্রাধিক শ্রমিক। এর আগের দিনও একই দাবিতে বিক্ষোভ করেন তারা।
শ্রমিকদের অভিযোগ, বিক্ষোভ প্রদর্শনের সময় বহিরাগত লোকজন তাদের বাধা দেয়ার চেষ্টা করে। পরে শ্রমিকরা তাদের কারখানা থেকে বের করে দেন।৷এ সময় কারখানার ভেতরের একটি স্থান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, তাদের ওপর দমন-পীড়ন চালাতেই কারখানার ভেতরে এসব ঢোকানো হয়। এমনকি শিল্প পুলিশের উপস্থিতিতেই বহিরাগতরা কারখানায় প্রবেশ করে বিশৃঙ্খলার চেষ্টা করে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানাটির ডায়িং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত ১০ হাজার কর্মী রয়েছেন। নিটিং সেকশনের শ্রমিক জামাল হোসেন বলেন, ‘ছয় মাস ধরে বেতন নিয়ে সমস্যা করছে কর্তৃপক্ষ।৷ নানা অজুহাতে কিস্তিতে বেতন পরিশোধ করা হচ্ছে।৷ বিক্ষোভ ছাড়া বেতন দিচ্ছে না।’ তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী ২৫ তারিখে মাস শেষ হয়।৷ পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার কথা।৷ কিন্তু ফেব্রুয়ারি মাসের ৮ তারিখেও জানুয়ারির বেতন পাইনি।৷ অনেকে ডিসেম্বরেরও আংশিক বেতন পেয়েছেন।’
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বলেন, ‘বকেয়া বেতন দাবিতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
কারখানায় অস্ত্র পাওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত নই। তবে এমন কিছু হয়ে থাকলে সেগুলো আমরা জব্দ করব।’
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ‘অর্ডার কমে যাওয়ার’ কথা জানিয়ে ক্রোনি গ্রুপের প্রতিষ্ঠান ‘ক্রোনি টেক্স সোয়েটার লিমিটেড’ নামে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়।