নওগাঁর মহাদেবপুরে নকল সার ও ভেজাল কীটনাশক তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে ‘এসডি এগ্রোভেট’ নামের কারখানাটি সিলগালা করা হয়েছে। এ সময় কয়েক টন নকল সার ও কীটনাশকসহ ভেজাল পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং তার ছোট ভাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ দরিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। অভিযানে এনএসআই, এসআরবি ও পুলিশের একটি দল অংশ নেয়।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের ভেতরে একটি বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ও ভেজাল জৈবসার এবং নকল কীটনাশক তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ও নিরাপদ উৎপাদনব্যবস্থা ছাড়াই এসব কৃষি উপকরণ তৈরি করা হতো।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক শাহীনূর পালিয়ে যান। তাঁর অনুপস্থিতিতেই ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে তাঁর ছোট ভাই দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযান শেষে কারখানার সব কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করা হয়। জব্দ করা হয় কয়েক টন নকল সার ও কীটনাশক, ভেজাল পণ্য তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং রাসায়নিক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, কৃষি উপকরণের নামে ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও পরিবেশের জন্য উদ্বেগজনক। কৃষকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে অবৈধ সার ও কীটনাশক উৎপাদন, মজুত এবং বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত নজরদারি করা হবে।