বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত নয়জনের নাম ঘোষণা করা হয়েছে।

গতকাল বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য আটটি শাখায় ওই নয়জনের নাম ঘোষণা করা হয়।

পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানবিষয়ক সাহিত্যে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে মঈদুল হাসান।

আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর প্রস্তাবক কমিটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ অনুমোদন করে।’

এবার পুরস্কারের তালিকায় থাকা কবি মোহন রায়হান সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি সাপ্তাহিক দিকচিহ্ন ও সাওল সময় পত্রিকার সম্পাদক। মোহন রায়হানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ—জ্বলে উঠি সাহসী মানুষ, আমাদের ঐক্য আমাদের জয়, সামরিক আদালতে অভিভাষণ, আর হল না বাড়ি ফেরা, কালো আকাশে রক্তাক্ত মেঘ ইত্যাদি।

কথাসাহিত্যিক নাসিমা আনিসের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মোহিনীর থান, চন্দ্রভানুর পিনিস ইত্যাদি।

সৈয়দ আজিজুল হকের উল্লেখযোগ্য গবেষণামূলক গ্রন্থ—মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প: সমাজচেতনা ও জীবনের রূপায়ণ, ময়মনসিংহের গীতিকা: জীবনধর্ম ও কাব্যমূল্য, জয়নুল আবেদিন: সৃষ্টিশীল জীবনসমগ্র, কামরুল হাসান: জীবন ও কর্ম, কাইয়ুম চৌধুরী: শিল্পীর একান্ত জীবনকথা।

কবি ও প্রবীণ সাংবাদিক হাসান হাফিজ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দুইশ। হাসান হাফিজের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে এখন যৌবন যার, অবাধ্য অর্জুন, অপমানে বেজে উঠি, জলরেখায় শব্দজোড়, সত্যি সেলুকাস, ফুল পাখি নদীও বিপদে ইত্যাদি উল্লেখযোগ্য।

আরও