পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা ও জাকার্তার মধ্যে আলোচনার সময় এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে গতকাল মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি। এ সময় বিষয়টি উত্থাপন করেন আফরোজা খানম। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
আফরোজা খানম বলেন, ‘বাংলাদেশী ভ্রমণকারীদের কাছে ইন্দোনেশিয়া একটি জনপ্রিয় গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশী সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা নিশ্চিত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।’ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা সহজতর করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পর্যটন ও আতিথেয়তা খাতে আরো সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
লিসতিওয়াতি বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে ইন্দোনেশিয়ার আগ্রহের কথা জানান। সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করেন।