রাজধানীর মাদানী এভিনিউতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে ২৫ শয্যার গ্যাস্ট্রোলিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্লান্ট ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। দেশের প্রথম পরিবেশবান্ধব এ আইসিইউটি গতকাল উদ্বোধন করা হয়। এ সময় ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা ও উপদেষ্টা আখতার মাহমুদ রানা; ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিজামউদ্দিন হাসান রশিদ; হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম মোহসেন ও ইংরেজি দৈনিক দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ উপস্থিত ছিলেন। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন আইসিইউতে ২৫টি পৃথক কেবিনে ২৫টি শয্যা রয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক বায়ু পরিশোধন ও দিনব্যাপী সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে জটিল গ্যাস্ট্রোলিভার রোগ ও বড় ধরনের সার্জারির রোগীদের জন্য রয়েছে ১৪ শয্যার গ্যাস্ট্রোলিভার ও সার্জিক্যাল আইসিইউ। প্রতিটি রোগীর জন্য পৃথক কেবিন থাকায় সংক্রমণের ঝুঁকি কমানো এবং চিকিৎসক ও নার্সিং টিমের নিবিড় পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, দেশের প্রথম গ্রিন আইসিইউ হিসেবে এ সুবিধায় স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত বায়ু নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পৃথক ও নিয়ন্ত্রিত আইসিইউ ব্যবস্থা ভবিষ্যতে মহামারির মতো সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবেলায়ও ভূমিকা রাখতে পারে।
হাসপাতালের অ্যাকসিডেন্ট, ইমার্জেন্সি কেয়ার অ্যান্ড সার্জিক্যাল আইসিইউ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আশরাফুল হক বলেন, ‘বিশেষায়িত এ আইসিইউর মাধ্যমে দেশে ক্রিটিক্যাল কেয়ারের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। বিশেষায়িত চিকিৎসা দক্ষতার সঙ্গে আধুনিক অবকাঠামো, নিয়ন্ত্রিত পরিবেশ ও সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে ট্রান্সপ্লান্ট, গ্যাস্ট্রোলিভার ও জটিল সার্জারির রোগীদের সমন্বিত ক্রিটিক্যাল কেয়ার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
অন্যদিকে হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম মোহসেন বলেন, ‘এ অত্যাধুনিক গ্যাস্ট্রোলিভার ও ট্রান্সপ্লান্ট আইসিইউর মাধ্যমে বাংলাদেশে জটিল রোগের চিকিৎসাকে আরো উন্নত ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য, দেশের মানুষ যেন জটিল চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাওয়ার আস্থা ও সুযোগ পান।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা, মেডিকেল সার্ভিসেস পরিচালক এবং প্রধান আর্থিক ও ব্যবসায়িক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।