সাতক্ষীরায় মিড ডে মিলের রুটি জব্দ, উৎপাদন তারিখ অগ্রিম দেয়ার অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি (মিড ডে মিল) প্রকল্পের জন্য বরাদ্দকৃত ২৬ হাজার ৪৯৫ প্যাকেট বান রুটি বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গত শুক্রবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী আলীপুর চেকপোস্ট এলাকায় স্থানীয় জনতা কাভার্ড ভ্যানটি আটক করে। পরে সেটি সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে শ্যামনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য মিড ডে মিল কর্মসূচির খাদ্যসামগ্রী হিসেবে নিম্নমানের ও অগ্রিম উৎপাদন তারিখ দেয়া বান রুটি পরিবহন করা হচ্ছিল। কাভার্ড ভ্যানটি আটকের পর দেখা যায়, প্রতিটি প্যাকেটে উৎপাদন তারিখ ৬ জুন উল্লেখ রয়েছে, অথচ গাড়িটি ৫ জুন রাতে আটক করা হয়।

জানা গেছে, সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি এনজিও। ২০২৬ সালের ২৯ এপ্রিল থেকে দুই বছরের জন্য এ কার্যাদেশ দেয়া হয়। চুক্তি অনুযায়ী, ২৫ হাজার ৬৮৪ শিক্ষার্থীর জন্য প্রতিদিন ১২০ গ্রাম ওজনের বান রুটি, একটি ডিম ও একটি কলা সরবরাহের কথা রয়েছে।

এ বিষয়ে এনজিওটির উপপরিচালক শাহিনা পারভীন ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘জব্দকৃত রুটিগুলো আমরা গ্রহণ করব না। বিষয়টি কেন ঘটেছে তা সংশ্লিষ্ট বেকারির কাছে ব্যাখ্যা চাওয়া হবে। খাদ্যের মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ‘মিড ডে মিল একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক সরকারি উদ্যোগ। শিশুদের জন্য মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি। অগ্রিম তারিখ দিয়ে নিম্নমানের রুটি সরবরাহের বিষয়টি অপরাধমূলক। কাভার্ড ভ্যানটি থানায় জব্দ রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।’

আরও