ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এখন থেকেই কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শুধু নিজেদের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সম্মান ও শ্রদ্ধা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি জড়িত। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না। শিক্ষা মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। মানবিক কল্যাণে কী করা প্রয়োজন, শিক্ষার মাধ্যমে সেটিও জানা যায়।’
তিনি বলেন, ‘নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই শিক্ষার পাশাপাশি চরিত্র ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। স্কাউটের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি গুরুত্ব দিতে হবে। সমাজের সব ক্ষেত্রে স্কাউটের কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া উচিত।’
তরুণদের রাজনীতির পাশাপাশি সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। বর্তমানে মাদকের বিস্তার বেড়েছে উল্লেখ করে এ্যানি বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।’
অনুষ্ঠানে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মাঈন উদ্দিন পাঠানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।