সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি জানান, কাঁচা রাস্তা পাকা করা সহ এখানে পর্যায়ক্রমে সকল স্তরে উন্নয়নমূলক কাজ পরিচালনা করা হবে।
সরকারের দেশব্যাপী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর-৬ আসনের চার উপজেলায় সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান এবং শ্মশানসহ সকল ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন কাজ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা গত জাতীয় নির্বাচনের সময় আপনাদের কাছে ভোট চাইতে এসেছিলাম। তখন আপনাদের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য মো. মনজুরুল ইসলাম ফাতেহ এবং স্থানীয় বিএনপি নেতা মো. হাবিবুর রহমান ও মো. আশরাফুল কবির উপস্থিত ছিলেন।