সৌদিতে অগ্নিকাণ্ডে নওগাঁর অন্তত ১০ শ্রমিকের মৃত্যু

সৌদি আরবে একটি সোফা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই কারখানায় কাজ করছিলেন তারা। গতকাল তাদের মর্মান্তিক মৃত্যু হয়। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আত্রাই উপজেলার বিশা গ্রামের সাগর (৩১) ও মজিদুল (৩৪); উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২); ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭); গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।

তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারগুলো তাদের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে উপজেলা প্রশাসন বলছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরের ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। গতকাল দুপুরে কারখানায় আগুন লাগে। সেখানে নিহতদের মধ্যে আত্রাই উপজেলার ১০ প্রবাসী রয়েছেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক শোকবার্তায় গতকাল রাতে অবশ্য সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, ‘সৌদি আরবে কর্মরত এ প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম।’ তাদের এ আকস্মিক প্রয়াণে তিনি গভীর শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

আরও