গণস্বাস্থ্য কেন্দ্র প্রকাশিত রিফলেকশন
অব দ্য লিবারেশন ওয়ার এবং পাবলিক হেলথ থ্রো দ্য লেন্স-২ শিরোনামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন
করা হয়েছে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে
বইদুটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ হাসপাতালের কমান্ডিং অফিসার বীরপ্রতীক
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সিতারা বেগম। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি
বোর্ড সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য
কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
উপলক্ষে ২০২১ সালে আয়োজিত গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষণা প্রকল্প জনস্বাস্থ্য বিষয়ক
ছবি প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে বিজয়ী ছবিগুলো নিয়ে বইদুটি প্রকাশিত হয়।
অনুষ্ঠানে ডা. সিতারা বেগম স্বাধীনতা
যুদ্ধে তার বড়ভাই মেজর এটিএম হায়দার বীর উত্তমের অবদান এবং মুক্তিযুদ্ধের নানা
ঘটনার স্মৃতিচারণ করেন।
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য
নগর হাসপাতালে মেজর এটিএম হায়দারের ভাস্কর্য স্থাপনের অঙ্গীকার করেন। তিনি বলেন, যারা
এ দেশকে স্বাধীন করেছেন তাদের মধ্যে অন্যতম মেজর এটিএম হায়দার।
এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য
রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সোসাইটি ফর
হেলথ প্রমোশন লিংকসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. হালিদা হানুম আক্তার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ
এবং জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতার প্রধান বিচারক হাসান সাইফুদ্দিন চন্দন।
এছাড়া গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য শিরিন পারভীন হকসহ বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক-শিক্ষার্থী এবং গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা এতে উপস্থিত ছিলেন। অডিও
বার্তার মসাধ্যমে অনুষ্ঠানে যুক্ত করা হয় জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা
প্রকল্পের আহবায়ক ডা. মো. জহিরুল আলমকে।