হরমুজ প্রণালীতে বাংলাদেশী জাহাজ চলাচলে ইরানের দুটি শর্ত

নিরাপত্তায় সমন্বয়ের তাগিদ, নির্ধারিত নৌপথ ব্যবহারের পরামর্শ ইরানি রাষ্ট্রদূতের

যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ইরান কী করতে পারে, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, পারস্য উপসাগরে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো দেশের জন্যই কিছু নিশ্চিত করা কঠিন

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশী জাহাজ চলাচলে দুটি শর্তের কথা জানিয়েছে ইরান। শর্ত দুটি হলো, জাহাজ চলাচলের বিষয়ে ইরানের সঙ্গে সমন্বয় এবং দেশটির নির্ধারিত নিরাপদ নৌপথ ব্যবহার করা। এ দুটি শর্ত মেনে চললে বাংলাদেশ থেকে যাওয়া জাহাজের চলাচলে তেহরানের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডা. জলিল রহিমি জাহানাবাদি।

আজ ঢাকায় ইরান দূতাবাসে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হরমুজ প্রণালী পুনরায় চালু এবং সেখানে জাহাজ চলাচলের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এ নিয়ে ইরান, ওমান ও কাতারের মধ্যে আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত প্রণালীটিতে স্বাভাবিক চলাচল সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের কাছে দেয়া প্রস্তাবে অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর পুনরায় হামলা না করার অঙ্গীকারের শর্তে হরমুজ প্রণালী উন্মুক্ত করার কথা বলা হয়েছে।

যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ইরান কী করতে পারে, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, পারস্য উপসাগরে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো দেশের জন্যই কিছু নিশ্চিত করা কঠিন। তবে বাংলাদেশ থেকে আসা জাহাজগুলো সমন্বয় এবং ইরানের নির্ধারিত নিরাপদ পথ ব্যবহার করলে তাদের চলাচলে সমস্যা হবে না।

বর্তমানে যেসব জাহাজ আক্রান্ত হচ্ছে, সেগুলো ইরানের নির্ধারিত নৌপথের বাইরে দিয়ে চলাচল করছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, তেহরানকে অবহিত রেখে নির্ধারিত পথ ব্যবহার করলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না।

বাংলাদেশের কোনো জ্বালানিবাহী জাহাজ এ পর্যন্ত ইরানের নির্ধারিত পথ ব্যবহার করেছে কিনা, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জাহাজের তথ্য দেশটির সরকারের কাছে রয়েছে। ইরানের কাছেও এ-সংক্রান্ত তথ্য আছে। তবে দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে কোনো পরিসংখ্যান প্রকাশ করতে চান না তারা। বাংলাদেশে জ্বালানি পৌঁছাচ্ছে এবং কোনো জাহাজ আক্রান্ত হয়নি, এটিকে তিনি নির্ধারিত নিয়ম মেনে চলার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

আরও