চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছরের সেই মেয়ে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ধর্ষণের শিকার হয়েছিল ভুক্তভোগী শিশুটি।
চমেক হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানান, ভোরে সীতাকুণ্ড থেকে উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে।
নিহত শিশুর চাচা আজিজ বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে বের হওয়ার সময়ও শিশুটির অবস্থা ভালো ছিল। সে ইশারায় আমাদের সঙ্গে কথা বলছিল। কিন্তু রাত আড়াইটা থেকে তিনটার দিকে তার অস্বস্তি শুরু হয়। সে পানি ও খাবার চাইছিল, কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় তাকে কিছু দেয়া সম্ভব হয়নি।
চমেক সূত্রে জানা গেছে, গত রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্ক গলাকাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর দেখে রোববার রাতেই অস্ত্রোপচার করা হয়। এতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। সোমবার শিশুটিকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে তাকে পুনরায় নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে স্থানান্তর করা হয়।