খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় শুভ হাওলাদার (১১) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকল দুপুরে আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শুভ সোনাডাঙ্গা এলাকার ভাঙারি বিক্রেতা ইব্রাহিম হাওলাদারের ছেলে ও নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। শুভর বাবা ইব্রাহিম হাওলাদার বলেন, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাশতা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। তার মাও ঘরের বাইরে যান। এ সময় তাকে হত্যা করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইট দিয়ে আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার মাথা, গলা, হাতসহ একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার সময় দুর্বৃত্তদের সঙ্গে শিশুটির ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। সেখান থেকে রক্তমাখা একটি ইট জব্দ করা হয়েছে।