চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তীব্র গরমে কৃষি জমিতে সেচ
দেয়ার সময় অসুস্থ হয়ে জাকির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল)
সকালে ধানের খেতে সেচ দিতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি।
জাকির হোসেন (৩৩) দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির
হোসেন ছেলে। এছাড়া তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের চেয়ারম্যান কামাল
উদ্দিন জানান, জাকির হোসেন শনিবার সকালে নিজের জমিতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
এ সময় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এদিকে শনিবারও চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহে অব্যাহত
রয়েছে। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ
জামিনুর রহমান জানান, শনিবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক
৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। তিনি আরো জানান, বৃষ্টি না
হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, তাপপ্রবাহের
কারণে দিন মজুরসহ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের খাদ্য সহায়তা দেয়ার জন্য
জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য রবিবার বেলা সাড়ে ১১টায়
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সেখানেই এ ব্যাপারে করণীয় সম্পর্কে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে।