খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ দেশ সবার, তাই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, ঈদ ও পূজা আমাদের সবার উৎসব। আমরা একে অপরের পাশে দাঁড়াব, সহযোগিতা করব এবং সম্প্রীতির এ সুন্দর সম্পর্ক ধরে রাখব। কোনো ধরনের দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
খাদ্য মন্ত্রী আফরোজা খানম আরো বলেন, অতীতেও মানিকগঞ্জে দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করা হয়েছে। আগামী দুর্গাপূজাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি সব ধর্মের মানুষের পাশে থাকতে চান।
অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে প্রতিটিতে জিআর কর্মসূচির আওতায় ৬শ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
এরপর পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।
এর আগে সকাল ১১ টায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের তার প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রকৃত, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশ ও সমাজের জন্য যোগ্য মানুষ হয়ে উঠতে হবে।
কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকেরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।