নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী লীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
গতকাল বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
এ সময় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন নাহিদ ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা।