প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিজন কান্তি সরকার, ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আব্দুল্লাহ

সাবেক সচিব বিজন কান্তি সরকারকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিল। এছাড়া যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ। 

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলকে। আর গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ। 

উভয় প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অন্য কোনো পেশা, ব্যাবসা অথবা সরকারি, আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কোনো কর্ম সম্পর্ক বজায় রাখতে পারবেন না তারা। এছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। এ নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।

এছাড়া একই দিন প্রতিমন্ত্রী মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া তানভীর গণি কাজ করবেন বিনিয়োগ ও পুঁজিবাজার নিয়ে।

বিজন কান্তি সরকার বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে আছেন। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যানও।

ড. শাকিরুল ইসলাম খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং শিক্ষক। বিভিন্ন আন্তর্জাতিক মানের পিআর রিভিউ জার্নালে তার ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি এর আগে জাপানের ওইতা ইউনিভার্সিটি, এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ সহকারী হিসেবে তার দায়িত্ব হবে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি এবং পলিসি সম্পর্কিত কাজ। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির তদারকিও করবেন।

অন্যদিকে সাইয়েদ বিন আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী।

আরও