সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর সীমান্তে আটক চারজন শিশুসহ ১৪ জন নারী ও পুরুষকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে গতকাল (৩১ আগস্ট) রোববার রাতে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বদনীডাঙ্গা গ্রামের মো. মিজানুর রহমান শেখ (৩৮), স্ত্রী শারমিন আক্তার (২৪), ছেলে শামীম শেখ (৭), মেয়ে রুমা শেখ (৪), একই উপজেলার সানকীডাঙ্গা গ্রামের মো. কবির শেখ (৩৯), স্ত্রী মোছাম্মৎ তফুরা বেগম (৩০), মো. নজরুল শিকদার (৫০), স্ত্রী কহিনুর বেগম (৪৩), পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চন্ডিপুর গ্রামের মো. আরমান মৃধা (২৫), স্ত্রী হাজেরা আক্তার (২১), ছেলে হাফিজুল (৬), মেয়ে আমিনা (৩), মুকুল বেগম (৪১) ও সাতক্ষীরা জেলার পদ্মবেউলা গ্রামের আব্দুল কাদের মোড়ল (৪০)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বিজিবির বরাত দিয়ে জানান, শনিবার (৩০ আগস্ট) ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ বাংলাদেশী ১৪ জন শিশু, নারী ও পুরুষকে আটক করে। পরবর্তীতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় দিকে এ বিষয়ে সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চার জন শিশু পাঁচ জন নারী ও পাঁচ জন পুরুষ মিলিয়ে ১৪ জন বাংলাদেশীকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
হস্তান্তরকৃত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বদনীডাঙ্গা মো. মিজানুর রহমান শেখ জানান, তারা কাজের সন্ধানে বিনা পাসপোর্টে ভারতে গিয়েছিলেন। দীর্ঘদিন সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেয় । শনিবার (৩০ আগস্ট) বাংলাদেশে আসার সময় ভারতে হাকিমপুর ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে। যাচাই-বাছাই শেষ হলে বিএসএফ কর্তৃক হস্তান্তরকৃত বাংলাদেশীদের স্বজনদের কাছে তুলে দেয়া হবে।