গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনির রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আলাদত।
আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক আব্দুল মতিন তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সময় আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। তবে আদালত তাও স্থাগিত করে দেন।
গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণের অভিযোগ এনে জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুল হাই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। গত ২৬ আগস্ট করা ওই মামলায় গিনিসহ ১১৪ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাহাবুব আরা বেগম গিনির নির্দেশে শহরের সার্কুলার রোডে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
মামলার পর গত ১ অক্টোবর ঢাকার ধানমন্ডির বাসা থেকে মাহাবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তিনদিনের রিমান্ড শেষে মঙ্গলবার গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় তাকে।
আসামি পক্ষের আইনজীবী আহসানুল করিম লাছু বলেন, মাহাবুব আরা গিনির জামিন আবেদন প্রক্রিয়াধীন রেখে কারাগারে পাঠানোর নিদের্শ দেন আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ তার সাতদিনের রিমান্ড আবেদন করলে অসুস্থতাসহ সার্বিক বিবেচনায় তা নামঞ্জুর করেছেন বিচারক।