জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তাধীন বলে জানিয়েছেন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক দিল আফরোজ বেগম।
আজ সোমবার
(২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে নবনির্মিত ৬টি হলের জন্য
চাহিত জনবলের যৌক্তিকতা যাচাই কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা
বলেন তিনি।
অধ্যাপক
দিল আফরোজ বেগম বলেন, ‘জাবির সাবেক
উপাচার্যের বিষয়টি এখন দুদকের তদন্তাধীন। তার বিরুদ্ধে দুর্নীতিসহ অন্যান্য অভিযোগগুলো
তদন্ত করছে তারা। এখানে আমাদের আর কিছু করার নেই।’
এর আগে
বিশ্ববিদ্যালয় প্রত্যাশিত জনবলের যৌক্তিকতা যাচাইয়ের জন্য ইউজিসি গঠিত কমিটির আহ্বায়ক
হিসেবে নবনির্মিত হল পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের
সঙ্গে কমিটির বৈঠক হয়। বৈঠকে জাবির বর্তমান উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমসহ, প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ,
অনুষদসমূহের ডিন ও হলসমূহের
প্রভোস্টরা অংশ নেন।
কমিটির
সদস্য সচিব ও ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ইন্সপেকশন ও
মনিটরিং শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর জানান, কার্যপরিধিতে থাকা
বিষয়সহ বেশকিছু বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিবেদন জমা দেয়া হবে।
কমিটির
কার্যপরিধিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক চাহিত জনবলের যৌক্তিকতা যাচাই, ইউজিসির
নির্দেশনা অনুসরণ না করে জনবল নিয়োগ করা হয়েছে কিনা, কমিটি সংশ্লিষ্ট যে কোনো নথি, গোপন দলিলপত্রাদি এবং নতুন ৬ হল পরিদর্শনসহ আরো কিছু বিষয়
অন্তর্ভুক্ত ছিল।
প্রসঙ্গত,
গত বছরের ২৪ ডিসেম্বর ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক
জামিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠিত হয়। ২ সদস্য বিশিষ্ট এ
কমিটিকে ইউজিসির সহকারী পরিচালক সেহজাদ রিফাত সিয়াম সাচিবিক সহায়তা দেবেন বলে বলা
হয়। এতে সরেজমিন পরিদর্শন করে জনবলের যৌক্তিকতা যাচাইপূর্বক পূর্ণাঙ্গ প্রতিবেদন
দিতে বলা হয়েছে।