ফেনীতে হাঁড়ভাঙার চিকিৎসার নামে প্রতারণার দায়ে আলাবক্স নামে তিনটি চেম্বার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সাইফ উদ্দিন নামে এক ভুয়া চিকিৎসকের ১৫ দিনের কারাদণ্ড ও অন্যজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরের দিকে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন স্থানে ডাক্তার আলাবক্স নামে হাঁড়ভাঙার চিকিৎসা দেয়ার নামে চেম্বার খুলে একটি চক্র প্রতারণা করে আসছে। গতকাল এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনীতে স্থাপিত তিনটি চেম্বারে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৌমিতা দাশ জানান, অভিযানে চিকিৎসকের পরিচয়ে চিকিৎসা দেয়ার দায়ে ইকবাল হোসেন মামুন নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মো. সাইফ উদ্দিন জুলফিকার নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। একই সঙ্গে তিনটি আলাবক্স চেম্বারকে সিলগালা করা হয়।
অভিযানে অংশ নেয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তাহসিন নুর অমি জানান, আধুনিক চিকিৎসার যুগে আলাবক্স চেম্বারগুলোয় হাঁড়ভাঙার চিকিৎসায় দা, ছুড়ি ও কাঁচি ব্যবহার করা হচ্ছে। এটি সবাইকে অবাক করেছে।