একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

রোববার (২০ এপ্রিল) সকালে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার এক কোটি ৩৪ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা।

রোববার (২০ এপ্রিল) সকালে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প; জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি-সেক্টর (২য় সংশোধিত) প্রকল্প; বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি প্রকল্প; ‘চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধিত)’ প্রকল্প; লাইভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিস প্রকল্প এবং ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বায়ু দূষণ রোধে বায়ুমান মনিটরিং প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প।

এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ও নৌপরিবহন মন্ত্রণালয়ের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প; রেলপথ মন্ত্রণালয়ের ‘গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প ‘তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন’ প্রকল্প ও ‘বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের খনন সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ’ প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) (৪র্থ সংশোধিত)’ প্রকল্প এবং অর্থ মন্ত্রণালয়ের ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)-এর আওতায় প্রজেক্ট প্রিপারেশন অ্যাডভান্স (পিপিএ)’ প্রকল্প।

সভায় অংশ নেন- পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা একনেক সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

আরও