হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৭০ টাকা

সরবরাহ বাড়ায় দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৭০ টাকা।

সরবরাহ বাড়ায় দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৭০ টাকা। দুইদিন আগেও প্রতি কেজি মরিচ ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহের ধারা অব্যাহত থাকলে দাম আরো কমবে বলে মনে করেন বিক্রেতারা।

হিলি বাজারে মরিচ কিনতে আসা আইয়ুব আলী বলেন, ‘দুইদিন আগেও বাজার থেকে কাঁচামরিচ কিনেছিলাম ১৪০ টাকা কেজি দরে। গতকাল মরিচ কিনতে এসে শুনি দাম কমে অর্ধেকে নেমে এসেছে। যে কাঁচামরিচ দুইদিন আগে ১৪০ টাকায় কিনেছিলাম সেটি এখন ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দামের কারণে আগে চাহিদামতো মরিচ কিনতে পারছিলাম না। তবে দাম কমায় প্রয়োজন অনুযায়ী পণ্যটি কিনতে পারছি।’

শিউলি আকতার বলেন, ‘আসলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের বেশ সমস্যায় পড়তে হয়। আমাদের সীমিত আয়ের মধ্যে সবকিছু হিসাব করে চলতে হয়। সেক্ষেত্রে শুধু কাঁচামরিচ নয়, যেকোনো পণ্যের দাম বাড়লে সমস্যার মধ্যে পড়তে হয়। যেভাবে রাতারাতি পণ্যের দাম বাড়ে, সেভাবে তো আমাদের রোজগার বাড়ে না। তাই বাড়তি দাম হলে বেশ সমস্যায় পড়তে হয় আমাদের। মরিচের বাড়তি দামের কারণে বাজেট যেমন কাটছাঁট করতে হচ্ছিল, তেমনি পরিমাণ কমিয়ে কিনতে হচ্ছিল।’

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘দেশীয় মরিচের সরবরাহ ভালো থাকায় বেশ কিছুদিন ধরেই দাম স্থিতিশীল ছিল। তবে গত মাসের শেষ দিকে বৃষ্টিপাত হওয়ায় ও কুয়াশার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ফুল ঝরে পড়ে। এতে উৎপাদন ব্যাহত হয়। ফলে বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমে গিয়েছিল। এ কারণে দাম বাড়তে শুরু করে। কৃষক খেত থেকে কাঁচামরিচ তুলতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে। বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন মরিচ উঠতে শুরু করায় বাজারে সররবাহ যেমন আগের তুলনায় বেড়েছে, তেমনি দামও কমে এসেছে। সরবরাহের এমন ধারা অব্যাহত থাকলে সামনের দিকে দাম আরো কমবে।’

আরও