ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো আবার শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, দলের চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করা হবে। মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।
সাত বছর আট মাস পর এ সম্মেলন ঘিরে সকাল থেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঠাকুরগাঁও জেলায়। পাঁচ উপজেলা ও তিনটি পৌরসভার আট শত আটজন কাউন্সিলর ভোট দিয়ে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন।