পঞ্চগড় সদর উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার চাকলাহাট ইউনিয়ন ও অমরখানা ইউনিয়নের সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।
বাংলাদেশে পুশইন করাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু। তাদের পঞ্চগড় সদর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার রাতে চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪-এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ১০ জনকে ঠেলে পাঠায় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ ক্যাম্পের সদস্যরা। পরে সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে বিজিবির শিংরোড বিওপি সদস্যরা তাদের আটক করে।
একই রাতে অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩-এর ৩ সাব পিলার দিয়ে দুই নারী, এক পুরুষ ও দুই শিশুসহ পাঁচজনকে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটলিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। পরে অমরখানা বিওপি সদস্যরা বাংলাদেশের আড়াই কিলোমিটার ভেতরে বোর্ড বাজার এলাকায় তাদের আটক করা হয়।
আটকরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ভারতে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, এরই মধ্যে বিজিবি তাদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের হস্তান্তর করব। সে পর্যন্ত তারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে।