দেশে প্রথমবারের মতো দুটি জলাভূমিকে ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করেছে সরকার। আজ বুধবার (৭ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে রাজশাহী জেলার দুটি বিলকে অভয়ারণ্য ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত দুটি জলাভূমি হলো রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার ১ দশমিক ৬৫ একর এলাকা ও গোদাগাড়ী উপজেলার বিলভালা মৌজার ১৫ দশমিক ০৮ একর এলাকা।
বিলজোয়ানা ও বিলভালা শীতকালে দেশী ও পরিযায়ী পাখির অন্যতম আশ্রয়স্থল। এই দুটি বিলে দেখা যায় কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি, জলময়ূরের মতো দেশী জলচর পাখি। এছাড়া আরো দেখা যায় বালিহাঁস, পাতি সরালি, বড় সরালি, পিয়াং হাঁস, খুন্তে হাঁস ও ভূতি হাঁসের মতো নানা পরিযায়ী পাখি। শুধু পাখিই নয়, জলাভূমিগুলোতে প্রায় শতাধিক পাখির পাশাপাশি উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীরও বাস রয়েছে।
তবে জনসংখ্যা বৃদ্ধি ও মানবসৃষ্ট চাপে এ জলাভূমির জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। তাই অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে এসব এলাকায় পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত হবে। একই সঙ্গে শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য শিক্ষাক্ষেত্র হয়ে উঠবে।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ ঘোষণা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।