সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা কোনো দলকে দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে ও পুলিশের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন এবার কারো পক্ষপাতিত্ব বরদাশত করবে না। নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো ব্যক্তির কাছে নয়।
আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী, সবার সহযোগিতায় যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সেজন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
বিতর্কিত প্রার্থীদের বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। আইন এবার কঠোর করার প্রক্রিয়ায় রয়েছে।
আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় তাদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু স্থগিত রয়েছে, তাই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তসহ সবকিছুই এখন স্থগিত আছে।
এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার বিষয়ে তিনি বলেন, আইন ও বিধি অনুযায়ী ইসির তালিকায় যে মার্কা বা প্রতীকগুলো রয়েছে, তার মধ্যে দলটি যে প্রতীকটি চাচ্ছে, সেটি না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।