নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৭ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা। আজ সকাল সাড়ে সাতটার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়ার চেষ্টা করে। এ খবর পাওয়ার পর হাঁপানিয়া বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় শূন্য রেখায় শনাক্ত করে।
১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ ও নারী ও ৫ শিশু। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে।
নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সংবাদ পাওয়ার পরে ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদের ভারতীয় ভূখন্ডে পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।