ভালুকায় চাঁদা না দেয়ায় কারখানায় হামলার অভিযোগ

চাঁদা না দেয়ায় ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী জামিরদিয়া গ্রামে নির্মাণাধীন ন্যাশনাল পলিমার কারখানায় ভাংচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

চাঁদা না দেয়ায় ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী জামিরদিয়া গ্রামে নির্মাণাধীন ন্যাশনাল পলিমার কারখানায় ভাংচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে এ হামলা চালানো হয়। ঘটনার পর খবর পেয়ে পুলিশ গুলির খোসা ও বিভিন্ন আলামত জব্দ করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জামিরদিয়া গ্রামের আ. রহিমের ছেলে সোহাগের (৩৫) নেতৃত্বে ৭০/৮০ জনের একটি দল নির্মাণাধীন ন্যাশনাল পলিমার কারখানায় প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা কারখানায় ব্যাপক ভাংচুরসহ গ্যাস সংযোগের মূল্যবান  মালপত্র লুট করে নেয়। নিরাপত্তাকর্মী ও কর্মরত শ্রমিকরা এগিয়ে গেলে হামলাকারীরা ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যান। এ ঘটনায় নির্মাণাধীন কারখানার প্রশাসনিক কর্মকর্তা শাহরিয়ার পারভেজ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০/৮০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

লিখিত অভিযোগে শাহরিয়ার পারভেজ উল্লেখ করেছেন, ‘হামলাকারীরা দীর্ঘদিন আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। ঘটনার দিন তারা ২ কোটি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবি করা চাঁদার টাকা না দেয়ায় তারা ভাড়াটিয়া সন্ত্রাসীসহ হামলা চালান।’

এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্ত সোহাগের সেলফোনে কল দিলেও তিনি রিসিভ করেনি। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন হামলার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও