মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ চালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার (১৭ নভেম্বর) সকালে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে ১৩ নভেম্বর মানিকগঞ্জের দ্য হলি চাইল্ড স্কুল ও কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। এ সময় চালক পারভেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পারভেজ খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে। তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় বাসের মালিক মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শিবালয় থানায় মামলা করেন।
নিহত পারভেজের ছেলে সুমন খান জানান, দগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর শনিবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার বাবা মারা যান।
শিবালয় থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় এরই মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।