সুন্দরবনের দস্যু দয়াল বাহিনী ও ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। সুন্দরবন পূর্ববন সংলগ্ন আন্দারমানিকের টোটা, কেওড়াতলা খাল ও শিবসা নদীর বড় দুদমুখ খাল সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা।
আজ শুক্রবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস সোনার বাংলা‘র নির্বাহী কর্মকর্তা লে. শেখ সাদমান বিন মাহমুদ।
তিনি বলেন, দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল সংলগ্ন এলাকা থেকে ১০ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। অন্যদিকে শিবসা এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনী ১১ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল এলাকা অভিযান চালানো হয়। দয়াল বাহিনীর হাতে জিম্মি থাকা ১০ জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একইদিন বিকালে বড় দুদমুখ খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার জন্য পালটা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ডাকাতদের নিকট জিম্মি থাকা ১১ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার জেলেদের নিজ নিজ পরিবারের কাছে এবং অস্ত্র গোলাবারুদ মামলা দায়ের পূর্বক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা। উদ্ধার জেলেদের বাড়ি খুলনা ও সাতক্ষীরা জেলায়।