মুন্সিগঞ্জের শ্রীনগরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও অবৈধ কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মালিক মো. ইয়াছিনকে (৩৫) আটক করা হয়।
রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের ১৯ সেনা সদস্য ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা শ্রীনগর উপজেলার ষোলগড় ইউনিয়নের সাবেক কালাম চেয়ারম্যানের বাড়িতে এ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্প জানান, অভিযানে প্রায় ২৪ প্রকারের ভেজাল ও অবৈধ কসমেটিকস সামগ্রীসহ উৎপাদন সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে, অলিভ অয়েল ২ হাজার বোতল, অর্গানিক হেয়ার অয়েল ১ হাজার ৫০০ বোতল, কিউট গ্লিসারিন ১ হাজার ২০০ বোতল, জেসমিন বডি স্প্রে ৮০০, হোয়াইট বিউটি ক্রিম ১ হাজার ২০০, বেবি অলিভ অয়েল ৬৫০, গৌরী ক্রিম ১ হাজার ৪০০, লতা হারবাল ক্রিম ৮০০, অরেঞ্জ হেয়ার অয়েল ১ হাজার ২০০, হেক্সিসল হ্যান্ড স্যানিটাইজার ৪৫০ বোতল, কাশ্মীর মেহেদী ২ হাজার ৮৮ পিসসহ আরো বেশ কিছু পণ্য। এছাড়াও একটি ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার খালি বোতল-প্যাকেট ও ৭০০ লিটার ড্রাম ভর্তি তেল উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী। আটক ইয়াছিন গত ১৫ বছর ধরে এ বাড়িতে ভাড়া থাকত। তবে এক বছর ধরে তিনি এ অবৈধ কসমেটিকস কারখানা পরিচালনা করছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে শ্রীনগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।