হাতিয়ায় হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, হান্নান মাসুদের পথসভায় হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের পথসভায় বাধা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে। হামলায় হান্নান মাসুদসহ এসসিপির অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়কে (ওছখালি-জাহাজমারা সড়ক) অবস্থান কর্মসূচি পালন করে এনসিপির কর্মী-সমর্থকেরা। এক পর্যায়ে সেখানেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে প্রায় ১০টার দিকে আন্দোলনকারীরা সরে যায়। হান্নান মাসুদের সমর্থকদের অভিযোগ, স্থানীয় বিএনপি নামধারীরা ওই হামলার ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে আবদুল হান্নান মাসুদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন জানান, জাহাজমারায় কারা কি করেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, হান্নান মাসুদের পথসভায় হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরও