ক্রয়মূল্য বাড়িয়ে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার

এ মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সেদ্ধ চালের ৪৯ টাকা ও আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ক্রয়মূল্য বাড়িয়ে সরকারিভাবে তিন লাখ টন ধান, পাঁচ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সেদ্ধ চালের ৪৯ টাকা ও আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।’

তিনি বলেন, ‘দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, কৃষকের স্বার্থ, উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতিসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে এফপিএমসি সভায় আমন সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সময় প্রতিমন্ত্রী আবদুল বারী, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও