ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান শপথ নিয়েছেন।
গতকাল দুপুরে জাতীয় সংসদ ভবনে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ নেয়ার পর দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এলিজা জামান।
এর আগে ওই আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করেন। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। তিনি একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।