বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশীদের সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তা উল্লেখ করা হয়।
দূতাবাস জানিয়েছে, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়-এমন কাজও এই ভিসায় করা যাবে না। একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এ ভিসার আওতায় অনুমোদিত নয়।
সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য ‘বি১’ ভিসা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। আর পর্যটন-চিকিৎসাসংক্রান্ত কাজে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্র ‘বি২’ ভিসা দিয়ে থাকে।