বাংলাদেশে ধর্ম ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এ দেশে সমান অধিকার নিয়ে বসবাস করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলার আহাম্মদপুরে শ্রীশ্রী দুর্গামন্দিরে বিনামূল্যে চিকিৎসাসেবা, বস্ত্র বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত পূণ্যার্থী ও দর্শনার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিজেদের সংখ্যালঘু ভাবার কোনো কারণ নেই। এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্ম কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম ও নৃগোষ্ঠীর মানুষ একই আকাশের নিচে, একই ছাতার নিচে বসবাস করছেন।
মন্ত্রী আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সরকার সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের দুর্গাপূজায় সরকার স্বাধীনতার পর সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ বজায় রেখে সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।