কুড়িগ্রামে সাড়ে ২৭ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২৭ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড়ের দক্ষিণে উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি চেকপোস্টের কাছে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে ঘুরে পালানোর চেষ্টা করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়।

এ সময় সিএনজিতে থাকা চালকসহ তিনজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশ সিএনজিটি তল্লাশি করে চারটি প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ৭টি পোটলায় মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি পুরাতন সবুজ রঙের সিএনজি জব্দ করা হয়েছে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া আসামিদের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও