বইমেলা: সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মেলার অধিকাংশ স্টল ও প্যাভিলিয়নের কাঠামো নির্মাণ শেষ হয়েছে। কিছু জায়গায় চলছে খুঁটি বসানো ও টিন স্থাপনের কাজ। বেশ কয়েকটি স্টলের নির্মাণ সম্পন্ন হলেও এখন গুরুত্ব পাচ্ছে রঙ, গ্রাফিক্স ও অলঙ্করণ। কমিকস আর্ট ও দেয়ালচিত্রে সজ্জিত হচ্ছে বিভিন্ন স্টল।

‘অমর একুশে বইমেলা–২০২৬’ শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। মেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক, শিল্পী ও প্রকাশনা সংশ্লিষ্টরা। কাঠ, বাঁশ ও হাতুড়ি–বাটালের শব্দে মুখরিত পুরো মেলা প্রাঙ্গণ।

সরেজমিনে দেখা গেছে, মেলার অধিকাংশ স্টল ও প্যাভিলিয়নের কাঠামো নির্মাণ শেষ হয়েছে। কিছু জায়গায় চলছে খুঁটি বসানো ও টিন স্থাপনের কাজ। বেশ কয়েকটি স্টলের নির্মাণ সম্পন্ন হলেও এখন গুরুত্ব পাচ্ছে রঙ, গ্রাফিক্স ও অলঙ্করণ। কমিকস আর্ট ও দেয়ালচিত্রে সজ্জিত হচ্ছে বিভিন্ন স্টল।

সোহরাওয়ার্দী উদ্যানের নাট্যমঞ্চের দক্ষিণ পাশ ও গ্লাস টাওয়ারসংলগ্ন এলাকায় এরই মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে স্টল। দ্রুতগতিতে এগোচ্ছে ইটের রাস্তা নির্মাণ ও বিদ্যুতায়নের কাজ। দর্শনার্থীদের নিরাপত্তায় স্থাপন করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। প্রতিবারের মতো এবারও থাকছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্টল।

বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনের অংশেও গড়ে উঠছে ছোট ছোট স্টল। বটতলা থেকে পুকুরপাড় পর্যন্ত বিস্তৃত হচ্ছে মেলার পরিধি। বর্ধমান হাউজের দক্ষিণ পাশে বড় সামিয়ানার নিচে প্রস্তুত করা হচ্ছে বইয়ের মোড়ক উন্মোচন ও প্রতিদিনের আলোচনা–সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। প্রকাশকরা জানিয়েছেন, পাণ্ডুলিপি সম্পাদনা ও বাঁধাইয়ের কাজ শেষ হয়েছে। এখন স্টলে বই সাজানোর অপেক্ষা।

টুনটুন বুকস ও সিএন প্রকাশনীর মাহমুদুর রহমান বলেন, আগামী কয়েক বছর বইমেলা রমজান মাসেই হবে। একুশের আমেজকে রমজানের সঙ্গে মেলাতে চাই। ঈদের কেনাকাটায় পোশাকের পাশাপাশি বই উপহার দেয়ার সংস্কৃতি চালু হোক। বই আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠুক।

বাংলা একাডেমী প্রাঙ্গনের একটি স্টল কর্নেল তাহের সংসদের স্বত্বাধিকারী লুতফা হাসিন রোজি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার তারিখ পরিবর্তন ও প্রকাশনীগুলোর দোদুল্যমানতায় এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভাষার মাস চলে যাচ্ছে অথচ মেলা শুরু হয়নি, এটি দুঃখজনক।

ঐক্যতান প্রকাশনীর তত্ত্বাবধায়ক আনোয়ার জানান, রমজানে বইমেলার অভিজ্ঞতা হবে একেবারেই নতুন। তবে অনেক প্রকাশনী এখনো স্টল না নেয়ায় কিছুটা শঙ্কাও কাজ করছে।

বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা-২০২৬ এর পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা বণিক বার্তাকে বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান সেদিন সকালে একুশে পদক দেবেন এবং বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠান দুটি ঘিরে এরইমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।

আরও