অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ে ঘাটতি ৫১ হাজার কোটি টাকা। এ সময়ের মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৯১৬ কোটি টাকা আদায়ের লক্ষ্য থাকলেও রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৮৬০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বিভাগের সাময়িক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
চলতি অর্থবছরে প্রাথমিকভাবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও পরে তা সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার লক্ষ্য দেয়া হয়েছে এনবিআরকে।
সূত্র জানিয়েছে, সাত মাসে আমদানি, ভ্যাট ও আয়কর—এ তিন খাতের কোনোটিতেই লক্ষ্য পূরণ হয়নি। উল্লিখিত সময়ে সবচেয়ে বেশি ঘাটতি আয়কর খাতে। এ খাতে লক্ষ্য ছিল ৮৮ হাজার ৩৯৫ কোটি টাকা, আদায় হয়েছে ৬৪ হাজার ৬৪ কোটি টাকা। লক্ষ্যের বিপরীতে ঘাটতি হয়েছে ২৪ হাজার ৩৩১ কোটি টাকা। আর সাত মাসে আমদানি খাতে ৭০ হাজার ৫১২ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৫৮ হাজার ২১০ কোটি টাকা। এ খাতে ঘাটতি ১২ হাজার ৩০২ কোটি টাকা। সাত মাসে ভ্যাট খাতে আদায় হয়েছে ৭৩ হাজার ৫৬৬ কোটি টাকা। এ সময়ে এই খাতে লক্ষ্য ছিল ৮৮ হাজার ৮ কোটি টাকা।