ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ ১০ দিন

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা ১০ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সরকারি ছুটি ব্যতীত কাস্টমস ও বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। ৫ জুন (বৃহস্পতিবার) থেকে শুরু করে ১৪ জুন (শনিবার) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ জুন (রোববার) পুনরায় দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত স্যানাল বলেন, ঈদুল আজহা উপলক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা বন্দর দিয়ে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছেন। তবে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ব্যতিত অন্যান্য দিন বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে। এ সময় চাইলে আমদানিকারকরা পূর্বের আমদানিকৃত পণ্য কাস্টমসের প্রক্রিয়া সম্পূর্ণ করে খালাস করে নিতে পারবেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রমের কোনো বন্ধ নেই। ঈদের দিন থেকে শুরু করে সব দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।

আরও