দ্রুত পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ দ্রুত গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

গতকাল রাজধানীর মতিঝিলে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে এ আহ্বান জানান প্লাটফর্মটির নেতারা। একই সঙ্গে অবিলম্বে ৭ দফা দাবি মানা হলে মহাসমাবেশ আয়োজন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর নবী মানিক বলেন, ‘ইসলামী ব্যাংকের দায়েরকৃত মামলা যখন নিষ্পত্তির কাছাকাছি চলে এসেছে ঠিক সেই সময়ে ইসলামী ব্যাংকের আইনজীবীকে পরিবর্তন করে দেয়া হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের পক্ষে যেই আইনজীবী ছিলেন তাকেও পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে সরকার আদালত ও বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে প্রতীয়মান হয়।’

সমাবেশে সাত দফা দাবি জানান গ্রাহক ফোরামের নেতারা। এগুলো হলো ব্যাংকে পেশাদার পর্ষদ গঠন, প্রকৃত মালিকানা হস্তান্তর, বিশেষ ট্রাইব্যুনাল গঠন, স্থিতিশীলতা নিশ্চিত ও অপপ্রচার রোধ, ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার ও এস আলমের সম্পদ বাজেয়াপ্ত, লুটেরাদের পুনর্বাসন রোধে আইন সংশোধন ও ইসলামী ব্যাংক নিয়ে সংসদে বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার।

দ্রুততম সময়ের মধ্যে গ্রাহক ফোরামের এসব দাবি বাস্তবায়ন না হলে শিগগিরই মহাসমাবেশসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও সমাবেশে জানানো হয়।

আরও