সংস্কার কখনো একটা পুরনো ৪ শত বছরের বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার পদ্মা নদীর পানির মতো, মেঘনা নদীর পানির মতো, বঙ্গোপসাগরের সাগরের স্রোতের মত সংস্কার এগিয়ে চলে। যুগে যুগে এবং সময়ে সময়ে জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়। কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন, সেটা কবে হবে, সে কথাগুলো আপনি কিছু বলছেন না। কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে সেটা জনগণ জানতে চায়।
শনিবার (১৭ মে) বিকালে নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত, সে কাজগুলো আটকে আছে। শেয়ারবাজারে অত্যন্ত নাজুক অবস্থা, নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, কোরবানির আগে মসলার দাম বেড়ে গেছে। আজকে জবাবদিহিমূলক সরকার এলে এ কাজগুলো করত নির্বাচিত সরকার। এ কাজগুলো তারা করতে পারছে না।
বিএনপির সহস্বেচ্ছাসেবা–বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
খেলায় গাজীপুরের কাপাসিয়ার আলফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশনকে ২-১ গোলে পরাজিত করে নরসিংদীর শিবপুরের সাতপাইকা ফুটবল একাদশ বিজয়ী হয়।