ক্রেতা নেই, স্থিতিশীল নিত্যপণ্যের বাজার

ঈদুল আজহার পর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। টমেটোর দাম কেজিতে ১০ টাকা বাড়লেও শসা, চিচিঙ্গা ও বেগুনের দাম কিছুটা কমেছে। অন্য সবজি আছে ঈদের আগের দামেই।

ঈদুল আজহার পর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। টমেটোর দাম কেজিতে ১০ টাকা বাড়লেও শসা, চিচিঙ্গা ও বেগুনের দাম কিছুটা কমেছে। অন্য সবজি আছে ঈদের আগের দামেই। বাড়েনি ভোজ্যতেল, চাল, ডালের দামও। জোগান স্বাভাবিক থাকায় দাম বাড়েনি বলে জানিয়েছেন দোকানিরা। তবে বাজারে ক্রেতা সংকট রয়েছে বলেও জানিয়েছেন তারা। গতকাল রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, হাতিরঝিল কাঁচাবাজার, গাবতলী কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় সবজির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। টমেটো কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কেজিতে ২০ টাকা কমে শসা বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। চিচিঙ্গা ৫০ টাকা থেকে কমে ৩০, বেগুন ৬০ টাকা থেকে কমে ৫০, পটোল ৪০ টাকা কমে ৩০ এবং ঝিঙ্গে ৫০ টাকা থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি আগে ৫০ টাকায় বিক্রি হলেও এখন ৪০, সজনে ৯০ টাকা থেকে কমে ৮০ এবং ঢেঁড়স ৩০ টাকা থেকে কমে ২০ কেজি বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে সবজির দামে বড় ধরনের পরিবর্তন হয়নি। ক্রেতা কম থাকায় চাহিদা নেই খুব একটা। ফলে অনেক সবজির দাম কমে বিক্রি করছেন তারা।

আব্দুল কাদির নামে এক দোকানি বলেন, ‘এখনো ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফেরেনি সেভাবে। ফলে বাজারে ক্রেতা কম। তাছাড়া সবার ঘরেই এখন কোরবানির মাংস। তাই সবজিসহ অন্য জিনিসের চাহিদা কম। কিন্তু মাঠ থেকে ফসল উঠছে এবং বাজারেও আসছে। ফলে জোগানে কোনো সমস্যা নেই। এজন্য দাম স্বাভাবিক রয়েছে।’

ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৬০ টাকা বিক্রি হলেও এখন ১৫০ এবং সোনালি মুরগি ৩০০ টাকা থেকে কমে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সাদা কক মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজি। ফার্মের মুরগির ডিম ৪৫ টাকা হালি ও হাঁসের ডিম ৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। তবে বাজার ঘুরে দেখা মেলেনি গরু ও খাসির মাংস।

চাল, আটা, ময়দা ও ভোজ্যতেলের বাজারে বড় ধরনের পরিবর্তন না থাকলেও পণ্যের মানভেদে দামের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার বিভিন্ন বাজারে সরু চাল (নাজিরশাইল, মিনিকেট) কেজিপ্রতি ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি মানের চাল যেমন পাইজাম বা আটাশ ৫৫-৬৫ টাকা, আর মোটা চাল (স্বর্ণা, চায়না ইরি) বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজি দরে। খোলা আটা কেজিপ্রতি ৪০-৪৫ টাকা, আর প্যাকেটজাত আটার দাম ৫০-৫৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৬০ টাকা, আর প্যাকেটজাত ময়দা পাওয়া যাচ্ছে ৬৫-৭০ টাকায়।

ভোজ্যতেলের দামের ক্ষেত্রেও আগের সপ্তাহের সঙ্গে তেমন পার্থক্য নেই। বোতলজাত সয়াবিন তেল পাঁচ লিটার পাওয়া যাচ্ছে ৮৯০-৯২০ টাকায়।

আরও