বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম গাজী দস্তগীর বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতিদের সহায়তাসহ সব সমস্যার সমাধান করা হবে। এছাড়া তারা যেন আবার রেশম কাপড়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারেন, সেজন্য ঋণের ব্যবস্থা ও কারিগরি সহায়তা দেয়া হবে।
গতকাল বেলা ১১টায় সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর তাঁতিপাড়ায় তাবতী, রিলার ও বসনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেশম বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তাঁতি বোর্ডের সদস্য ফজলে হোসেন বাদশা, সচিব লোকমান হোসেন, চেয়ারম্যান শাহ্ আলম, যুগ্ম সচিব মো. অলিউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, পুলিশ সুপার এইচএম আব্দুর রকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াত-বিএনপির আমলে চাঁপাইনবাবগঞ্জের রেশম শিল্পের ধস নামতে শুরু করে একজন তাঁতির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা মন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের উন্নয়নে রাজনীতি করে। তাই যেখানে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে সরকার সেখানেই কাজ করবে। সুতরাং রেশম চাষ ও কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁতিদের সবার্ত্মক সহায়তা প্রদান করা হবে।
পরে বস্ত্র ও পাটমন্ত্রী হরিনগর রেশম কারখানা পরিদর্শন ও তাঁতিদের সঙ্গে মতবিনিময় করেন।