মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা

তিনি বলেন, প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করে হাওর ও নদী ব্যবস্থাপনা পরিচালিত হবে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার

হাওর ও নদীর জলাশয় ব্যবস্থাপনায় ‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করে হাওর ও নদী ব্যবস্থাপনা পরিচালিত হবে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।

নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে আজ দুপুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে মদন উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

সমাবেশে বক্তারা হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জেলে-কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তারা বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

পরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন স্থানে কৃষক ও জেলেদের নিয়ে পৃথক সমাবেশে অংশ নেন অতিথিরা। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং হাওরেরসমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, কৃষক, জেলে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও