বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাসসকে বলেন, ময়মনসিংহ থেকে একটি পিকআপে করে মাছ নিয়ে নওগাঁ গিয়েছিলেন ব্যবসায়ীরা। মাছ বিক্রি শেষে ফেরার পথে কাজিপাড়া এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়

বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। নিহত অন্য ৩ জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এ ৩ জন হল পিকআপের চালক, হেলপার ও আরেক মাছ ব্যবসায়ী।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে একটি পিকআপে করে মাছ নিয়ে নওগাঁ গিয়েছিলেন ব্যবসায়ীরা। মাছ বিক্রি শেষে ফেরার পথে কাজিপাড়া এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ থেকে নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করে।

শফিকুল ইসলাম বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। অন্য তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।

আরও